পেট্রোল বোমায় পুড়ে ছাই পাঁচ ঘর, দুই মাসেও মেলেনি বিচার; আতঙ্কে দিন কাটছে পরিবারের


মিরপুর উপজেলা প্রতিনিধি, আশিক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
পেট্রোল বোমায় পুড়ে ছাই পাঁচ ঘর, দুই মাসেও মেলেনি বিচার; আতঙ্কে দিন কাটছে পরিবারের

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় একটি পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে চরম নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৯ মে দিবাগত রাতে ৯ নম্বর ওয়ার্ডের চৌদুয়ার গ্রামের বাসিন্দা আমজাদ শেখের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাঁচটি বসতঘরে। আগুনে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, জমির গুরুত্বপূর্ণ দলিল, টেলিভিশন, ফ্রিজ, খাট, ড্রেসিং টেবিল, সোফাসেটসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। ভুক্তভোগীর দাবি, এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পরদিন মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আমজাদ শেখের অভিযোগ, ঘটনার আগে থেকেই একই গ্রামের গাফফার শেখের ছেলে রজব শেখ তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং মোবাইল ফোনে কুপ্রস্তাব দিতেন। আগুন লাগার আগের রাতেও তাকে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখেছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

তিনি আরও দাবি করেন, তার মেয়েকে স্বামীর সংসার ছেড়ে না এলে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই রাতে তার মেয়ের শ্বশুর মো. ইমদাদুলের বাড়িতেও দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন তার মেয়ে ও জামাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামতের ভিত্তিতে গত ১৫ জুলাই আমজাদ শেখ মিরপুর থানায় রজব শেখের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি অগ্রগতি হয়নি।

এদিকে, ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে আমজাদ শেখের মেয়ে আসমা খাতুনকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশ করে চলেছেন। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে আসমা খাতুন গত ১৮ জুলাই মিরপুর থানায় আরও একটি সাধারণ ডায়েরি করেন।

পরিবারটির দাবি, একের পর এক ঘটনার পরও তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত। এখনও বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে তারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।