র‍য়টার্সের প্রতিবেদন

পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তেজনা কমেনি। বরং নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এ সংঘাত। লোহিত সাগর উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে কাস্পিয়ান সাগরে নিজেদের বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। এতে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।

টানা ১৩ রাত সামরিক অভিযান চালানোর পর গত শনিবার (২৫ জুলাই) ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর থাকলেও সামরিক অভিযান আপাতত স্থগিত রয়েছে। একই সময়ে ইরানও প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনায় নতুন কোনো পাল্টা হামলা চালায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প বরাবরই কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিয়ে আসছেন। তবে আলোচনার মাধ্যমে সমাধান না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানকে সম্ভাব্য পরিণতির বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত, উপসাগরীয় মিত্রদের উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনা করেই আপাতত হামলা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। সিএনএনও জানিয়েছে, মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই নতুন করে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবু অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের যাচাইকৃত ভিডিওতে জিজানের একটি তেল শোধনাগারের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে সৌদি আরামকো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়ানবুর দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, সৌদি-হুতি সংঘাত নতুন করে বাড়লে শুধু হরমুজ প্রণালিই নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেবও ঝুঁকির মুখে পড়তে পারে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ইরান অভিযোগ করেছে, কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের অভিযোগকে ‘বৈরী ও অপরাধমূলক’ আখ্যা দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি স্বীকার করে দাবি করেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য সংগৃহীত স্যাটেলাইট তথ্য ইরানকে সরবরাহ করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি সংঘাত সাময়িকভাবে থেমে থাকলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র গোষ্ঠী ও আঞ্চলিক শক্তির সম্পৃক্ততায় পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক। ফলে জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।