
একটি জীবনে মানুষ আর কতটুকুই-বা দেখতে পারে! তাই তো কবির সেই চিরন্তন আহ্বান— “দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া…” আজও ভ্রমণপিপাসু মানুষের মনে অনুপ্রেরণা জোগায়।
ভ্রমণ শুধু বিনোদন নয়, এটি এক ধরনের নেশা। নতুন জায়গা দেখা, প্রকৃতিকে কাছ থেকে অনুভব করা, মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতিকে জানা—এসবই ভ্রমণকে করে তোলে অনন্য। সেই নেশাকেই সঙ্গী করে রংপুরের পীরগঞ্জের সমবয়সী ও সমমনা ১০ জন ভ্রমণপ্রেমী গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ভ্রমণ দল।
প্রতি মাসে সুবিধাজনক সময় মিলিয়ে তারা বেরিয়ে পড়েন নতুন কোনো গন্তব্যের উদ্দেশে। কখনও উত্তরের পাহাড়-নদী, কখনও দক্ষিণের সমুদ্র, আবার কখনও পূর্ব কিংবা পশ্চিমের প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান—বাংলাদেশের নানা প্রান্তই তাদের ভ্রমণের তালিকায়। পনের দিন কিংবা এক মাস পরপরই যেন ডাক আসে নতুন কোনো অভিযানের। পরিচিত অনেকেই মজা করে তাদের ‘বাউদিয়া’ বা ‘ভবঘুরে’ বলে ডাকেন। তবে এই ভবঘুরে পরিচয় নিয়েই তারা গর্বিত। আমিও সেই দলের একজন সদস্য হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।
দলের সদস্যরা সবাই পীরগঞ্জের সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম পাশা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খোকন, অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থাপক ও সাংবাদিক আব্দুল্লাহীল কাফী মাসুম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান, প্রধান শিক্ষক শ. ম. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শাহ মো. তাজুল ইসলাম শামীম, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুজ্জোহা, চিকিৎসক ডা. মোজাহার আলী এবং ব্যবসায়ী সেকেন্দার আলী।
একদিন, দুদিন কিংবা তিন দিনের সফর—সবকিছুই পরিকল্পনা করেন দলের টিম লিডার অ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু। সাপ্তাহিক ছুটি ও সবার সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে তিনি ভ্রমণসূচি নির্ধারণ করেন। শুধু সদস্যদের নিয়ে নয়, বছরে এক বা দুইবার পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় ফ্যামিলি ট্যুরেরও।
জীবনের ষাট পেরোনো এই মানুষগুলোর এমন বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রমণপ্রীতি সত্যিই অনুপ্রেরণাদায়ক। বয়স যে স্বপ্ন, আনন্দ আর নতুন কিছু দেখার ইচ্ছার পথে বাধা নয়, সেটিই তারা বারবার প্রমাণ করছেন।
দেশের সৌন্দর্য আবিষ্কারের এই যাত্রা ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের। বন্ধুত্ব, সম্প্রীতি আর ভ্রমণের আনন্দকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চান তারা—নতুন পথের সন্ধানে, নতুন অভিজ্ঞতার খোঁজে।
আপনার মতামত লিখুন :