নারী নিয়ে ভাইরাল সেই এমপির বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
নারী নিয়ে ভাইরাল সেই এমপির বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিও ঘটনাকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে খোঁজখবর ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব বক্তব্যসহ ঘটনার প্রকৃত তথ্য যাচাই করা হচ্ছে।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে আরও অনুসন্ধান করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলো। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করা হবে। এরপর সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।