
চারশ বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবে অংশ নিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল মনি বলেছেন, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না; দলটি সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে চায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ধামরাইয়ে অনুষ্ঠিত শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নুরুল মনি বলেন, “আমরা মৌলবাদে বিশ্বাস করি না। বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। ধামরাইয়ের মানুষও মৌলবাদে বিশ্বাস করে না। আমরা মৌলবাদহীন, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। সবাইকে সঙ্গে নিয়েই এই দেশকে এগিয়ে নিতে চাই।”
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে দেশকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বক্তব্য শেষে প্রধান অতিথি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর হাজারো ভক্ত, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শুরু হয় ঐতিহ্যবাহী রথযাত্রা। রথ টানাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন ও ভক্তিমূলক পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
চারশ বছরের ঐতিহ্যবাহী এই রথযাত্রা উপলক্ষে ধামরাইয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও বহু ভক্ত ও দর্শনার্থী এ উৎসবে অংশ নিতে আসেন।
আয়োজকরা জানান, রথযাত্রা উৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :