ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে বিতর্কে মুখ খুললেন মেসি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে বিতর্কে মুখ খুললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা ‘বিশেষ সুবিধা’ ও ‘ফিফার পক্ষপাত’ সংক্রান্ত আলোচনার জবাব দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। তার দাবি, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রমাণ করে আর্জেন্টিনার সাফল্য ধারাবাহিক নৈপুণ্যের ফল, কোনো অতিরিক্ত সুবিধার নয়।

বিশ্বকাপের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে অভিযোগ ওঠে, ফিফা নাকি আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখাচ্ছে। রেফারিং ও ভিএআরের কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে এ বিতর্ক আরও তীব্র হয়। বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ এবং মিশর-সুইজারল্যান্ড ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন তোলা হয়।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মেসি। এনডিটিভিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কে কী বলল, তা নিয়ে আমাদের ভাবার সুযোগ নেই। গত চার বছর ধরে আমরা নিজেদের ধারাবাহিকভাবে সেরা দলগুলোর একটি হিসেবে প্রমাণ করেছি। আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠা সেটিরই প্রমাণ। আমাদের অর্জন কোনো ভাগ্য বা কারও দয়ায় আসেনি।”

বুধবার (১৫ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে দলকে জয় এনে দেন।

মেসির ভাষ্য, টানা দুটি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়া খুব কম দলের পক্ষেই সম্ভব হয়েছে। তিনি বলেন, “আমরা জানতাম, প্রতিপক্ষ শক্তিশালী। কিন্তু নিজেদের সামর্থ্যের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস ছিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে, তবে আমরা আমাদের সেরাটা খেলেছি।”

সেমিফাইনালের জয়টি আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেন মেসি। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার ঐতিহাসিক পারফরম্যান্সের কথা স্মরণ করে তিনি বলেন, “দিয়েগো নিশ্চয়ই ওপর থেকে এই মুহূর্ত উপভোগ করছেন। এই জয় তার প্রতিও আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।”

বিশ্বকাপের ফাইনালে ওঠার পরও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক অব্যাহত থাকলেও মেসির মতে, মাঠের পারফরম্যান্সই সব সমালোচনার সবচেয়ে বড় জবাব এবং তাদের সাফল্য কোনোভাবেই বিশেষ সুবিধার ফল নয়।