
চট্টগ্রাম নগরীর হালিশহর গ্রিনভিউ আবাসিক এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অল্প সময়ের বৃষ্টিতেই এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, বয়স্ক ব্যক্তি ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আর রাহমা কমপ্লেক্স জামে মসজিদের পাশ দিয়ে প্রবাহিত বড় নালাটি দীর্ঘদিন ধরে পরিষ্কার ও সংস্কার না করায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হচ্ছে না। নালায় পলি, কচুরিপানা এবং বিভিন্ন ধরনের আবর্জনা জমে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
বাসিন্দারা জানান, নালায় জমে থাকা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশও দূষিত হচ্ছে। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য রোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জলাবদ্ধতার কারণে আর রাহমা কমপ্লেক্স জামে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেককে কাদা ও নোংরা পানি মাড়িয়ে মসজিদে প্রবেশ করতে হয়, যা পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ওজু করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। বর্ষা মৌসুমে এ ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের দেওয়া ছবিতে দেখা যায়, নালার ভেতরে বিপুল পরিমাণ আবর্জনা, কাদা ও বর্জ্য জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসী দ্রুত নালাটি সম্পূর্ণ পরিষ্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জলাবদ্ধতা নিরসন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।
আপনার মতামত লিখুন :