শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী


শ্যামনগর প্রতিনিধি, জি এম সাগর হোসেন প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিপুলসংখ্যক ভক্ত ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় গোপালপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহমর্মিতা বজায় থাকলে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী হয়। সম্প্রীতির এই ঐতিহ্য ধরে রেখে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম আব্দুল ওয়াহাব, সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান (হাবলু), শ্যামনগর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আব্দুল হালিম, কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সায়ফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্ত, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে গোপালপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হরিতলা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় হাজারো ভক্ত রথের রশি টেনে ধর্মীয় উৎসবে অংশ নেন।

ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও ভক্তিমূলক সংগীতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এ রথযাত্রা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির আবহ সৃষ্টি করে।