ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভা


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ব্রহ্মরাজপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ব্রহ্মরাজপুর রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, দীর্ঘদিন ধরে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন প্রতিশ্রুতি শুনে এলেও কাঙ্ক্ষিত উন্নয়ন পাননি। তিনি বলেন, “আপনারা তো সারাজীবন নৌকায় ভোট দিয়েছেন, কিন্তু বিগত ১৭ বছরে এই মন্দিরের কেন উন্নয়ন হয়নি? উন্নয়নের কথা বলে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঠকানো হয়েছে।”

তিনি আরও বলেন, বিএনপি উন্নয়ন ও জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মন্দিরের উন্নয়নসহ সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, অলোক কুমার তরফদার, ব্রহ্মরাজপুর জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ ভীম বন্ধু দাস কৃষ্ণদাস অধিকারী, কিরন্ময় সরকারসহ অনেকে।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করা এবং ঐতিহ্যবাহী রথযাত্রার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মো. আব্দুর রউফ ফিতা কেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় জগন্নাথ মন্দির কমিটির সদস্য, ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কানাইলাল সাহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রার আয়োজন সম্পন্ন হয়।