
নরসিংদীর পলাশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার দুটি স্থান থেকে পৃথকভাবে রথযাত্রা বের করা হয়। এতে শত শত ভক্ত, নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা অংশ নেন।
জয় জগন্নাথ ধ্বনি, উলুধ্বনি ও শঙ্খের শব্দে মুখরিত হয়ে ওঠে রথযাত্রার পথ। বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তরা রথ টেনে নিয়ে যান। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
ঘোড়াশাল জগন্নাথ মন্দির থেকে বিকেল সাড়ে ৫টায় সুধাময় বণিকের নেতৃত্বে একটি রথযাত্রা শুরু হয়। প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে রথটি পাইকসা রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, পলাশের বরাবো রামসীতা মন্দির থেকেও শত শত ভক্তের অংশগ্রহণে আরেকটি রথযাত্রা বের হয়। এটি পলাশের জিনারদী এলাকার কালীমন্দিরে গিয়ে সমাপ্ত হয়।
রথযাত্রা উপলক্ষে পাইকসা রাধাকৃষ্ণ মন্দিরে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীমদ্ভগবদ গীতা পাঠ এবং নিমাই সন্ন্যাস অনুষ্ঠান। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হবে।
রথযাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, ঘোড়াশালের রথযাত্রা ২০১০ সাল থেকে হরেকৃষ্ণ বণিকের নেতৃত্বে এবং বরাবো রামসীতা মন্দিরের রথযাত্রা ২০০৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :