
দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৬) সকালে দিনাজপুর জিমনেশিয়ামের সামনে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মখলেসুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুকশেদ আলী মঙ্গলিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দীন আল আজাদ, আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, জেলা জাসাসের আহ্বায়ক আখতারুজ্জামান আখতারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন শহিদ সুমন পাটোয়ারির বাবা, জুলাই শহিদ রুদ্রের বাবা সবীর চন্দ্র, ছাত্র প্রতিনিধি মেশকাত আরেফিন শাকিল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ফরিজার রহমান তপু এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার আহ্বায়ক মো. শাহিনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, জাতীয় ঐক্য ধরে রাখা এবং জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা সবার দায়িত্ব। তারা বলেন, জুলাই আন্দোলন দেশের মানুষের কথা বলার অধিকার ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে নতুনভাবে প্রকাশ করেছে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও অধিকার অর্জনের পেছনে মানুষের রক্ত ও ত্যাগ রয়েছে। এখনো অনেক জুলাই আহত ব্যক্তি যথাযথ চিকিৎসা ও সহায়তার প্রয়োজন অনুভব করছেন। তাদের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। উল্লেখ্য, দিনাজপুর জেলায় তালিকাভুক্ত জুলাই যোদ্ধার সংখ্যা ২৮১ জন।
আপনার মতামত লিখুন :