সাভারে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার


আবদুল্লাহ আল মামুন: প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
সাভারে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাভার মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মাসুদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকার পল্লবী থানাধীন বাউনিয়া উত্তর কালশী টেকের বাড়ি এলাকার ইসহাকের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৭), কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী ফকির ডেইল এলাকার মো. জাফর ওরফে জাবেরের ছেলে মো. সাহাব উদ্দিন (৫২), ঢাকার নবাবগঞ্জ থানার বেনুখালী এলাকার তমিজ উদ্দিনের ছেলে রফিক (৫৫) এবং কক্সবাজার সদর থানার টেকপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. ইসমাইল (৪২)।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ১৫০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সিরাজুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাহাব উদ্দিনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।