সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দিয়ে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে শুরু করেন তারা। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিন দফা দাবি ঘোষণা করে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মিরাজ হোসেন আরও বলেন, গত ১৩ জুলাই যারা প্রতিকূল ও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই পরীক্ষা পুনরায় নিতে হবে।

তিনি বলেন, একই সঙ্গে পরবর্তী দিনের এইচএসসি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার সময়সূচি প্রকাশ করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানান তিনি। আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় সুযোগ দেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি ঘোষণা করে।

শিক্ষার্থীদের দাবি, চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অনেক অঞ্চলের পরীক্ষার্থীরা সমান সুযোগ পাননি। তাই সব শিক্ষার্থীর জন্য ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া জরুরি। এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন।