
আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন মিন্টুর সমর্থনে নির্বাচনী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সাভারের আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পবনারটেক শাজাহান নগর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজী শাহজাহান মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম পেয়ার আলী।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিএনপি নেতা ইদ্রিস মিয়া, মোর্শেদ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে সৎ, যোগ্য এবং জনসম্পৃক্ত জনপ্রতিনিধি নির্বাচন জরুরি। তারা দাবি করেন, মো. দেলোয়ার হোসেন মিন্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে তাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারা।
মেম্বার পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন মিন্টু উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ নির্বাচিত করলে তিনি ৬ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। বিশেষ করে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে তিনি এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :