
কুষ্টিয়ার মিরপুর থানা এলাকাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গ্রাম পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
মঙ্গলবার মিরপুর থানা চত্বরে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ সদস্যরা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকেন। গ্রামের কোথায় মাদক কেনাবেচা হচ্ছে, কারা মাদক সেবনের সঙ্গে জড়িত কিংবা কারা মাদক ব্যবসা পরিচালনা করছে—এসব বিষয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই মাদক নির্মূলে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী বা সেবনকারী যে-ই হোক না কেন, কোনো ধরনের প্রভাবের কাছে আপস না করে দ্রুত পুলিশকে তথ্য দিতে হবে। তথ্য প্রদানকারী গ্রাম পুলিশ সদস্যদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ওসি আরও জানান, মাদক সংশ্লিষ্ট কোনো ঘটনায় গ্রাম পুলিশের কারও গাফিলতি, দায়িত্বে অবহেলা বা আপসের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, “মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। মিরপুর থানা এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর স্থান হবে না।”
মিরপুর থানার ওসির এমন কঠোর অবস্থানের পর স্থানীয় সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় হবে।
সভা শেষে ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মিরপুর থানা এলাকাকে নিরাপদ রাখতে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :