
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকার ঘোষিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সকাল ১০টায় ইটাগাছা নতুন ঈদগাহ মাঠসংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ইটাগাছার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিএমবি মসজিদসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
স্থানীয় সচেতন নাগরিক মো. আবুল কাশেম বলেন, ইটাগাছা এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাব থেকে সন্তানদের রক্ষা করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি আরও বলেন, অনেক মাদক কারবারি সরকারি জায়গায় বসবাস করছে বলে জানা গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
সচেতন নাগরিক মেহেরুল্লাহ বলেন, সময়মতো কার্যকর উদ্যোগ না নেওয়ায় সাধারণ মানুষ এখন মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সন্তানদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সবার দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় বিশিষ্টজন মো. হাফিজুল ইসলাম বলেন, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে।
ডা. এবাদুল্লাহ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূর করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে ব্যবসায়ী, চিকিৎসক, ইমাম, শিক্ষক, সাংবাদিক, প্রিন্ট মিডিয়ার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :