
সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটি প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ৯ জুলাই ২০২৬ তারিখের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৪ ধারা অনুযায়ী পত্র জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জ শিশু আদালতের পিপি, ছাতক সমিতি সিলেটের সভাপতি এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল জলিল।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ কর্তৃক মনোনীত মো. আজহারুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছাতক কর্তৃক মনোনীত মো. বাদরু মিয়া। কমিটিতে একজন শিক্ষক প্রতিনিধি, একজন অভিভাবক প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা বোর্ডের প্রবিধান অনুযায়ী অ্যাডহক কমিটি প্রতিষ্ঠানটির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। অনুমোদনের ফলে শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এদিকে অ্যাডহক কমিটি অনুমোদনের খবরে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :