নড়াইলে মাদক প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


নড়াইল জেলা প্রতিনিধি, মো:আজিজুর রহমান। প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
নড়াইলে মাদক প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা এবং জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে নড়াইলে আলোচনা সভা ও শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক নড়াইলকণ্ঠ ও দৈনিক নড়াইল প্রতিদিন-এর যৌথ আয়োজনে শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় নড়াইল ক্লাব (টাউন ক্লাব) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের “স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬”-এ দেশসেরা ১০ দলের মধ্যে স্থান অর্জন করে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলার জন্য গৌরব বয়ে আনে। তাদের এ সাফল্যকে স্বীকৃতি জানাতে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নড়াইলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় যে সাফল্য দেখিয়েছে, তা জেলার জন্য গর্বের বিষয়। এ ধরনের মেধাকে বিকশিত করতে হলে একটি মাদকমুক্ত ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা ভবিষ্যতেও দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে। শিক্ষক ও অভিভাবকরাও এমন সম্মাননা উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা বলে মন্তব্য করেন।

সাপ্তাহিক নড়াইলকণ্ঠ-এর সম্পাদক কাজী হাফিজুর রহমান এবং দৈনিক নড়াইল প্রতিদিন-এর সম্পাদক মো. ইমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, ইতিবাচক সাংবাদিকতা সমাজে সচেতনতা বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।