নওগাঁয় ৫০ কেজি গাঁজাসহ সিএনজি চালক ফারুক র‍্যাবের হাতে আটক


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
নওগাঁয় ৫০ কেজি গাঁজাসহ সিএনজি চালক ফারুক র‍্যাবের হাতে আটক

নওগাঁর বদলগাছী উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ ফারুক হোসেন নামে এক সিএনজি চালককে আটক করেছে র‍্যাব-৫। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার শ্রীরামপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজি চালক বলে জানা গেছে।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীরামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফারুক হোসেনকে আটক করা হলে তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মিঠু নামে আরেক সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

র‍্যাব জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ফারুক হোসেন ও পলাতক মিঠুর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিও জরুরি।