নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু


নওগাঁ জেলা প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁর মান্দা ও রাণীনগর উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে কৃষিকাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার রাত থেকে বৃষ্টির পর বৃহস্পতিবার সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ইসমাইল সরদারের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠে কাজের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।