
টানা মুষলধারে বৃষ্টিতে নওগাঁ পৌরসভার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের অধিকাংশ সড়ক ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে মাধ্যমিক বিদ্যালয়ের চলমান পরীক্ষাও স্থগিত করতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে এক রাতেই শহরের সাহেবপাড়া, চামড়াগুদাম, সরিষাহাটির মোড়, মাস্টারপাড়া, বিহারী কলোনি ও বিএমসি মোড়সহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে পৌঁছালেও কেন্দ্রের চারপাশে পানি জমে থাকায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করে। ফলে শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরতে হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। অনেক বাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি প্রবেশ করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
রিকশাচালক আব্দুস সালাম বলেন, হাঁটুসমান পানির কারণে রিকশা চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে গৃহবধূ মীম জানান, ঘরে পানি ঢুকে আসবাবপত্র নষ্ট হচ্ছে এবং ছোট শিশুদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
এ বিষয়ে নওগাঁ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি এম এ মমিন জানান, শহরের প্রাকৃতিক পানি নিষ্কাশনের খাল ও নিচু জায়গাগুলো ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বেড়েছে। তবে সমস্যা সমাধানে অচল ড্রেন সংস্কার এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী নতুন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :