
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশ আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
সোমবার (৬ জুলাই) জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হতে পারে। তবে সব গ্রেডে একই হারে বেতন বৃদ্ধি করা হবে না; নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন।
সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী সপ্তাহে সচিব কমিটি আবার বৈঠকে বসে চূড়ান্ত সুপারিশ পর্যালোচনা করবে। এরপর অর্থমন্ত্রীর সম্মতি নিয়ে প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। আগামী সপ্তাহে তা সম্ভব না হলে পরবর্তী সপ্তাহের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
কমিটির সদস্যরা জানান, বিচার বিভাগ-সংক্রান্ত কয়েকটি কারিগরি বিষয় নিষ্পত্তির জন্য অতিরিক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয় চূড়ান্ত হওয়ার পরই সুপারিশ আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।
সংশ্লিষ্টরা আরও জানান, মন্ত্রিসভা প্রয়োজন মনে করলে সুপারিশে সংযোজন, বিয়োজন বা সংশোধনের সুযোগ থাকবে। অনুমোদন শেষে সরকারি গেজেট জারি করা হলে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :