
নওগাঁ সদর উপজেলায় মাদকাসক্ত ছেলের হামলায় মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সুমন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে সুমন মাদকাসক্ত। এ কারণে পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। মাদকের আসক্তির কারণে প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা তাকে ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েক দিন আগে তিনি বাড়িতে ফিরলে পারিবারিক বিরোধ আবারও তীব্র হয়ে ওঠে।
পরিবারের সদস্যরা জানান, রোববার দিবাগত রাত প্রায় ১২টার দিকে সুমন বাবার পাশে গিয়ে শুয়ে পড়েন। ঘুম না আসায় বাবা মহাতাব সরকার তার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। একপর্যায়ে এতে ক্ষুব্ধ হয়ে সুমন বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সেখানে একটি কাঠের বাটাম দিয়ে মহাতাব সরকারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে একটি ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মহাতাব সরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে নওগাঁ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :