মিরপুরে গাঁজা গাছসহ মাদক চাষি গ্রেপ্তার


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
মিরপুরে গাঁজা গাছসহ মাদক চাষি গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার এবং মো. শামীম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) ভোরে উপজেলার তেঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ৪ জুলাই রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তেঘরিয়া গ্রামের শামীমের বাড়িতে গাঁজা গাছের চাষ করা হয়েছে। পরে এসআই (নিঃ) নিখিল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ভোর ৪টার দিকে সেখানে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি বাড়ির পেছনের কলাবাগানে একটি গাঁজা গাছ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কলাবাগান থেকে প্রায় ৫ ফুট উচ্চতার একটি কাঁচা গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া গাছটির ওজন প্রায় ২ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। গাছটির শাখা-প্রশাখা ছাঁটা ছিল এবং এতে কাঁচা পাতা ছিল। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে প্রয়োজনীয় জব্দতালিকা প্রস্তুত করে গাঁজা গাছটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে শামীম দীর্ঘদিন ধরে গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি তেঘরিয়া গ্রামের বাসিন্দা এবং খোকা মালিথার ছেলে।

অভিযানে এসআই (নিঃ) নিখিল চন্দ্র সরকার, এএসআই (নিঃ) সোহেল হোসেন, এএসআই (নিঃ) মো. মতিয়ার রহমানসহ মিরপুর থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।