মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সমন্বিত সরকারি অফিস ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. সারওয়ার আলম, জেলা সমবায় কর্মকর্তা ফারহানা ফেরদৌসী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপপরিচালক এ. এইচ. সাইফুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. আওলাদ হোসেন এবং পুটাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহানসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। তাই সরকারি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, আধুনিক ও আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি পল্লী উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শেষে উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।