কুষ্টিয়ায় শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ


কুষ্টিয়া ক্রাইম রিপোর্টার, শাহরিয়ার প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে কুষ্টিয়ায় শুরু হয়েছে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ার আয়োজনে জেলাব্যাপী “বই পড়া প্রতিযোগিতা”র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, বই জ্ঞানের আলো ছড়িয়ে দেয় এবং আলোকিত মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, নিয়মিত বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটে, যা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক। তরুণদের মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধাপে ধাপে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বই পড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। একই সঙ্গে ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমও বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন স্থানীয় সচেতন মহল।