
খাগড়াছড়ির মানিকছড়িতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা, জৈব সার এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়, যা স্থানীয় কৃষিতে নতুন গতি সঞ্চার করেছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা আফরোজ ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা জহির রায়হান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন। আরও বক্তব্য দেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেন। এ সময় সমাজসেবা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, জৈব সার এবং গাছের খুঁটি বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, পরবর্তী পর্যায়ে আরও কৃষকের মাঝে ৭ ধরনের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, রাসায়নিক ও জৈব সার এবং লেবুর চারা বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, কৃষিকে আরও সমৃদ্ধ ও পরিবেশবান্ধব করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের এই সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান এবং বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা সফল করতে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
আপনার মতামত লিখুন :