পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে আয়োজিত এ মেলায় বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় শিল্পের বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিল্পমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করাও মেলার অন্যতম লক্ষ্য।

মেলায় মোট ৫৬টি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে হস্তশিল্প, চামড়াজাত পণ্য, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, মধু এবং বিভিন্ন ধরনের খাদ্যপণ্য।

বিসিক জানায়, ৫ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা আগামী ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তেজগাঁও বিসিক ভবনের নিচতলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা আশা করছেন, এ ধরনের আয়োজন দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের প্রচার-প্রসার, বিক্রয় বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।