
গরুর মাংসের শামি কাবাব আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। ঈদ, কোরবানি কিংবা বিশেষ আয়োজনের ভোজে পোলাও, বিরিয়ানি বা নান-পরোটার সঙ্গে এটি দারুণ মানিয়ে যায়। সহজ কিছু উপকরণে অল্প সময়েই তৈরি করা যায় মজাদার এই কাবাব।
উপকরণ
গরুর মাংসের কিমা – ২৫০ গ্রাম, পানিতে ভেজানো বুটের ডাল – ৪ টেবিল চামচ, আদা বাটা – ১ চা চামচ, রসুন বাটা – ১ চা চামচ, শুকনো মরিচ – ৪টি, ডিম – ২টি, পুদিনা পাতা কুচি – ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি – ২টি, জিরা গুঁড়া – আধা চা চামচ, ধনে গুঁড়া – আধা চা চামচ, শামি কাবাব মসলা – ১ টেবিল চামচ, লেবুর রস – ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা – আধা কাপ, লবণ – স্বাদমতো, পানি – ২ কাপ, বিস্কুটের গুঁড়া – প্রয়োজনমতো, ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি হাঁড়িতে গরুর কিমা, ভেজানো বুটের ডাল, আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো মরিচ, শামি কাবাব মসলা, লবণ, লেবুর রস ও পানি একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। পানি সম্পূর্ণ শুকিয়ে মাংস ও ডাল নরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।
ঠান্ডা মিশ্রণটি ব্লেন্ডার বা চপারে মিহি করে নিন। এরপর এতে ডিমের কুসুম, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মেখে নিন।
এবার মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল বা ডিম্বাকৃতি কাবাব তৈরি করুন। কাবাবগুলো ডিমের সাদা অংশে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে মাখিয়ে নিন।
একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল গরম করে কাবাবগুলো মাঝারি আঁচে দুই পাশ সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর ওপর রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। গরম গরম শামি কাবাব পোলাও, বিরিয়ানি, নান, পরোটা কিংবা সস ও সালাদের সঙ্গে পরিবেশন করুন।
আপনার মতামত লিখুন :