নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, সুপারভাইজার নিহত


ঝালকাঠি প্রতিনিধি, প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, সুপারভাইজার নিহত

ঝালকাঠির নলছিটি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের অন্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও বাসটির সুপারভাইজার ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল মেট্রো-১১-০০৭৩ নম্বরের নাহিদ সুপার পরিবহনের একটি বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে অতিক্রম করার সময় দুই বাসের মাঝখানে একটি আলফা (থ্রি-হুইলার) চলে আসে। সেটিকে এড়াতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটির সুপারভাইজার বাসের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছেন।