
সাতক্ষীরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র।
কৃষি বিভাগ জানায়, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ কর্মসূচির আওতায় প্রণোদনা পাচ্ছেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
প্রণোদনা হিসেবে কৃষকদের মধ্যে ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭, ব্রি ধান-১০৩, বিনা ধান-১৭ এবং বিনা ধান-২৬ জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এসব জাতের ধান অধিক ফলনশীল এবং রোগবালাই সহনশীল হওয়ায় কৃষকের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা এবং পতিত জমি চাষাবাদের আওতায় আনা। বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার সরবরাহের মাধ্যমে কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তয়জুল ইসলাম, এস এম ইকবাল হোসেন, মো. আফজাল হোসেন, সুমন কুমার শাহ, মো. জাহিদ হোসেন, উত্তম কুমার শাহ, মো. আনিছুর রহমান, মো. আব্দুল আলিম এবং মিস আরুফা খাতুনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো উন্নতমানের বীজ ও সার পাওয়ায় চলতি আমন মৌসুমে চাষাবাদে তারা আরও উৎসাহিত হয়েছেন এবং এতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি ব্যয়ও কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :