তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের মাসদাইর গোরস্তান এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে “সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক” নামে একটি ফ্লেক্সিলোড দোকানের মালিক ছিলেন।

নিহতের শ্যালক কামাল জানান, ১ জুলাই সকাল ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে মোতালেব নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন সকালে সড়কের পাশে তোশকে মোড়ানো অবস্থায় মরদেহ পাওয়া গেলে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহ শনাক্ত করেন।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোতালেব হোসেনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে হত্যাকাণ্ডের পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তোশকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।