কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে এমন বিধান থাকা উচিত, যাতে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন। কেউ নির্বাচন করতে চাইলে আগে তাকে শিক্ষকতার চাকরি ছাড়তে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) আয়োজিত শিক্ষা খাত বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা যদি রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হতে চান, তবে সেটি স্বেচ্ছায় চাকরি ছাড়ার পরই করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পেশাগত দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া উচিত নয় বলেও তিনি মত দেন।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ যথাযথভাবে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকদের উন্নয়নে যে বিনিয়োগ করা হচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে একটি দক্ষ ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব হবে।

তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষা খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে শিক্ষা ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।