সাতক্ষীরা সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
সাতক্ষীরা সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র।

২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে রোপা আমন (উফশী) ধানের বীজ ও সার, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা, খুঁটি ও জৈব সার, লেবু উৎপাদন বৃদ্ধির জন্য চারা ও জৈব সার এবং গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড শাকসবজির আবাদ সম্প্রসারণে বিভিন্ন ধরনের বীজ, সার ও চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, সাতক্ষীরা পৌরসভা এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি কৃষকদের মধ্যে ৬ হাজার নারিকেল গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।