রেমিট্যান্সে সুবাতাস, জুনের ২৮ দিনে এলো যতো ডলার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
রেমিট্যান্সে সুবাতাস, জুনের ২৮ দিনে এলো যতো ডলার

অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৯ কোটি ২৪ লাখ ডলার।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি জুন মাসের ১ থেকে ২৮ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৫৮ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৫৪ কোটি ডলার। অর্থাৎ, আগের বছরের তুলনায় চলতি সময়ে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৬০ শতাংশ বেশি।

এর আগে, গত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগের মাস এপ্রিলেও দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া ফেব্রুয়ারিতে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। গত বছরের ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অন্যদিকে, গত বছরের অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাইয়ে এসেছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি কোনো নির্দিষ্ট অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি সক্ষমতা এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।