ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিগত আয়কর অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে সরকার। ফলে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত করবর্ষে একজন ব্যক্তির বার্ষিক ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে।

এর আগে প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে তা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সংসদে অর্থবিলের সংশোধনীতে সরকারি দলের সদস্য হুম্মাম কাদের চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে করদাতাদের স্বস্তির বিষয়টি তুলে ধরে সংশোধনী প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এ সময় সংসদে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রথমে বাজেট আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। পরে সংসদ নেতা তারেক রহমান বক্তব্য দেন।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে। এর পরবর্তী ৩ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ হারে আয়কর দিতে হবে। এর পরের ৪ লাখ টাকার জন্য করহার ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরের ২০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ এবং ২০ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।

এর আগে করমুক্ত আয়সীমা পার হওয়ার পর প্রথম ধাপে ৫ শতাংশ হারে কর নির্ধারিত ছিল। নতুন কাঠামোয় সেই ধাপ বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে সাড়ে ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব ছিল। প্রধানমন্ত্রী সংশোধনী এনে এই সীমা যথাক্রমে ৪ লাখ, সাড়ে ৪ লাখ ও ৫ লাখ টাকা করার প্রস্তাব করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী দুই করবর্ষে করমুক্ত আয়সীমা আরও ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করা হবে। আর ২০৩০-৩১ করবর্ষে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। তবে মূল্যস্ফীতির সময়ে সীমিত আয়ের মানুষের জন্য করমুক্ত সীমা বাড়লেও পরবর্তী ধাপে ১০ শতাংশ করহার কার্যকর হওয়ায় করের চাপ পুরোপুরি কমছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।