হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৭১৬ শিশু। একই সময়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১২ হাজার।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার ২৮ জুন সকাল ৮টা থেকে সোমবার ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১২ হাজার ৬২ শিশু। এর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২১১ শিশুর এবং হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত কয়েক মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ শিশু। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬২ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের। তাদের মৃত্যুর কারণ ও পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিশুদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা নিশ্চিত করা এবং টিকাদান কার্যক্রম জোরদারের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।