
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিলের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত এবং পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় কালীকচ্ছ বাজারে দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
গত (২৮ জুন) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্তি ও ধর্মতীর্থ গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ চলে। স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্তি গ্রামের মো. মোশারফ মিয়া এবং ধর্মতীর্থ গ্রামের মো. খাদিম মিয়ার মধ্যে বিলের পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান না হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে কালীকচ্ছ বাজারের তৃণা ফ্যাশনসহ একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ধর্মতীর্থ গ্রামের মৃত মো. শামসুল হকের ছেলে মো. খাদিম মিয়া (৫০) গুরুতর আহত হন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির ভূঁইয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
আপনার মতামত লিখুন :