
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশার সামনের সিটের নিচ থেকে ১ হাজার ৪০০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কাশিয়াডাঙ্গা থানার একটি দল নগরীর হাড়ুপুর বাগানপাড়া গামী ভাটার মাঠ এলাকার কাঁচা রাস্তায় অভিযান চালায়। এ সময় তথ্য অনুযায়ী একটি ব্যাটারিচালিত রিকশাকে থামার সংকেত দিলে রিকশায় থাকা তিনজনের মধ্যে দুজন কৌশলে পালিয়ে যান।
তবে পুলিশ রায়পাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫২) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে তার রিকশায় তল্লাশি চালিয়ে সামনের সিটের নিচ থেকে ১ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যসহ রিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য দুজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মীর মোহাম্মদ শাফিন মাহমুদ।
আপনার মতামত লিখুন :