বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী

ঢাকার সাভারে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় এক তরুণীকে (২৪) উদ্ধার করেছেন স্থানীয়রা। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর ওই এলাকায় ফেলে রেখে যাওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা কমলাপুরের ঢাল এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী জামালপুর জেলার মেলান্দহ থানার পচাবহলা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধরেন্ডা কমলাপুরের ঢাল এলাকায় রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলাপুর বাজার এলাকায় নিয়ে আসেন। এরপর পুলিশকে খবর দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মাদ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী ধর্ষণের শিকার হতে পারেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।