
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক মইনুল ইসলাম।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে অনেক অসচ্ছল পরিবার বাধ্য হয়ে শিশুদের শ্রমে নিয়োজিত করে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দরিদ্র পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিশুদের শিক্ষার প্রতি গুরুত্ব বাড়ানোর বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রতিটি শিশুর স্থান বিদ্যালয়ে, কোনো কর্মস্থলে নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগেই শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের অধিকার নিশ্চিত করতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :