বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্প


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্প

বাংলাদেশে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে আবারও ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রোববার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। কম্পনের মাত্রা তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে একই দিন রাত ৯টা ৫৩ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসির তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।

ওই কম্পনের কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হলেও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূকম্পন বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার ও এর পার্শ্ববর্তী অঞ্চল ভূ-তাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থান করায় এ অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে। অধিকাংশ ক্ষেত্রে এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ না হলেও, এ ধরনের কম্পন ভূ-তাত্ত্বিক সক্রিয়তার ইঙ্গিত বহন করে।

বিশেষজ্ঞদের পরামর্শ, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী মানুষকে সবসময় সচেতন থাকতে হবে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখতে হবে। পাশাপাশি ভবন নির্মাণে ভূমিকম্প-সহনশীল নকশা ও নির্মাণবিধি কঠোরভাবে অনুসরণ করা হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।