ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাই মাসকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, “জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়।” তিনি আরও বলেন, জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নেওয়া হয়েছে। সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি। তিনি জানান, জুলাইভিত্তিক কেন্দ্রীয় কর্মসূচিগুলো বাস্তবায়নে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করবে।

ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—১ থেকে ১০ জুলাই পর্যন্ত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। ১১ থেকে ১৬ জুলাই পর্যন্ত শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা আয়োজন করা হবে। এছাড়া ১৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে ৩১ জুলাই দেশের বিভিন্ন মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল আয়োজন করা হবে। ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। সবশেষে ৫ আগস্ট জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে গণমিছিল করবে জামায়াতে ইসলামী।