
জুলাই অভ্যুত্থানকালে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলিবর্ষণসহ দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় গ্রেপ্তার থাকা রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং পলাতক সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় বেলা ১১টা ৪৮ মিনিটে কার্যক্রম শুরু হয় এবং এটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে একমাত্র গ্রেপ্তার আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়, অন্য চারজন আসামি ছিলেন পলাতক।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলি থেকে বাঁচতে আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনে ওঠেন। পরে ভবনের কার্নিশে ঝুলে থাকলেও তাকে লক্ষ্য করে এক পুলিশ সদস্য ছয় রাউন্ড গুলি ছোড়েন। এতে তিনি গুরুতর আহত হন। একই দিন রামপুরা এলাকায় পুলিশের গুলিতে আরও দুইজন নিহত হওয়ার ঘটনাও উঠে আসে মামলায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :