আনোয়ারায় ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
আনোয়ারায় ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. গিয়াস উদ্দিন (৩৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রুদ্রা (ময়নার বাড়ি) এলাকার আবদুস ছোবাহানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন সকাল ১১টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সোহেল নামে এক যুবকের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, গিয়াস উদ্দিন ধারালো ছুরি দিয়ে সোহেলকে একাধিকবার আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহতের চাচা মো. বদিউল আলম বাদী হয়ে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারকে আসামি করে আনোয়ারা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শনিবার ভোরে সাতকানিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।