মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টায় তিনি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান।

পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে করা এ পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও গবেষণার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতি নিয়েও বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম করে গড়ে তুলতে হবে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, অতিরিক্ত ও উপ-প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে নিয়োজিত একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।