নবাবগঞ্জে গাকের উদ্যোগে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ


নবাবগঞ্জ প্রতিনিধি, মেহেদী হাসান প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
নবাবগঞ্জে গাকের উদ্যোগে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গাকের উদ্যোগে এবং হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সার্বিক সহযোগিতায় দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। দিনাজপুর শাখার গাক চিকিৎসক দল ও হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের তত্ত্বাবধানে ৩০ জন স্বেচ্ছাসেবীর সহযোগিতায় অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, মোট ৩১৫ জন রোগী এ চক্ষু সেবা গ্রহণ করেন। প্রাথমিক পরীক্ষার পর ৩০ জন রোগীকে ছানি অপারেশনসহ বিভিন্ন জটিল চক্ষু চিকিৎসার জন্য দিনাজপুর গাক চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা সন্তোষ প্রকাশ করেন।