জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে শিক্ষা খাতে যুগান্তকারী সংস্কারের ঘোষণা: শিক্ষামন্ত্রী


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে শিক্ষা খাতে যুগান্তকারী সংস্কারের ঘোষণা: শিক্ষামন্ত্রী

দেশের টেকসই উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। তিনি বলেন, একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে কর্মমুখী, বিজ্ঞানভিত্তিক এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৬ জুন) দিনাজপুর শিল্পকলা একাডেমিতে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের আয়োজনে এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীল, দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষার ওপর সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যাতে শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তা, সৃজনশীলতা এবং বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগের সক্ষমতা বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বই, স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের ব্যবস্থা করেছে।

ড. মিলন বলেন, শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে শ্রেণিকক্ষে ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি কোডিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সফট স্কিলসকে পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা আধুনিক শিক্ষার কার্যকর পথপ্রদর্শক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারেন। এছাড়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ গ্রন্থাগার এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় উপস্থিত শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা বলেন, একটি দেশের উন্নয়ন নির্ভর করে দক্ষ মানবসম্পদের ওপর। শিক্ষা খাতে বর্তমান বিনিয়োগ ভবিষ্যতে এমন একটি প্রজন্ম গড়ে তুলবে, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে উদ্ভাবন ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্রও সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা মতবিনিময় সভায় বলেন, শিক্ষা সংস্কারের এই বৃহৎ কর্মসূচি সফল করতে অভিভাবক, শিক্ষার্থী এবং সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মসংস্থানমুখী শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা আরও জোরদার করার বিষয়ে তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

সভায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, রংপুর বিভাগের তিনটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।