সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।


আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।। প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তিনি এক বছর বয়সী একটি কন্যাসন্তানের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নয়ন তার শাশুড়ির সঙ্গে একসঙ্গে নাস্তা করেন। পরে সকাল ১০টার দিকে তার শাশুড়ি বাড়ির পাশের একটি ক্ষেতে সবজি তুলতে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, এক বছর বয়সী শিশুটি ঘরে কান্নাকাটি করছে।

খবর পেয়ে শাশুড়ি দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি পুত্রবধূ নয়নকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে কী কারণে ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।