বেনাপোলে বিজিবির অভিযানে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক


আলমগীর হোসেন, বেনাপোল প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
বেনাপোলে বিজিবির অভিযানে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মোট সিজার মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি আভিযানিক টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, তল্লাশির সময় তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন জানান, ঢাকার সায়দাবাদ এলাকার এক চোরাকারবারী চক্রের কাছ থেকে তিনি স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। এগুলো ভারত পাচারের উদ্দেশ্যে পুটখালী সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন বলে তিনি স্বীকার করেছেন।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত আলামতের মোট মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোরের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।